বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় দল কর্তৃক অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এর আগে এ দিন রাত ১২টার পরে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা শুরু করে ডিবি পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছিলেন, একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও ঐ একই ব্যক্তি দ্বারা হ্যাক করা হয়।



















