গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ (CUT-PIECE) আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পূজার উৎসবমুখর সময়ে সিনেমাটি দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।
ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ আরও অনেকে।
গার্মেন্টের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সংঘাতই সিনেমাটির গল্পের মূল ভিত্তি। নির্মাতাদের মতে, বাংলাদেশের শহুরে জীবনের পরিচিত হলেও চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম উঠে আসা এই ব্যবসার জগতকে গল্পের কেন্দ্রে আনা হয়েছে।
পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, গার্মেন্টের ঝুট ব্যবসা শহুরে জীবনের পরিচিত বাস্তবতা হলেও এর সঙ্গে জড়িত মানুষ, অর্থনৈতিক সম্পর্ক ও ক্ষমতার দ্বন্দ্বকে মূলধারার সিনেমায় তুলে ধরার বিষয়টি তাঁকে সিনেমাটি নির্মাণে আগ্রহী করেছে।
আনুষ্ঠানিকভাবে ১৬ অক্টোবর ২০২৬ মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।













