মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি সালাহ উদ্দিন আইউবী জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের বিড়ম্বনা তুলে ধরেছেন। তিনি বলেন, আমি নিজেই আটটি পাম্প ঘুরেও তেল পাইনি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে এসেছি। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।
গাজীপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘তেলসংকটের জন্য আমি একটি ভাড়া গাড়ি ব্যবহার করতাম সংসদে আসার জন্য। ভেবেছিলাম, ঢাকায় এসে তেল পাব। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে গাড়ি রেখে লোকাল গাড়িতে করে সংসদে এসেছি। সেদিন মাননীয় তেলমন্ত্রী সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করে বলেছেন, বাংলাদেশে নাকি তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি, নিজে ঘুরে কী দেখে আসলাম, আর এখানে এসে কী শুনলাম।
নির্বাচনি এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাসসংযোগ নেই। তাই শিল্প গড়ে ওঠেনি, কর্মসংস্থান সংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। মাদক দমন অভিযানের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ১,৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১,১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।





















