জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে তাহলে পাঁচ বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কীভাবে?
তিনি বলেন, জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। এখনো সময় আছে, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নিক। কারণ-৬৯ ভাগ মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। এই ৬৯ ভাগ মানুষকে অগ্রাহ্য করা মানে গোটা জুলাইকে অগ্রাহ্য করা।
রোববার রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় জাতীয় নেতা, আলেম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত আমির বিএনপিকে অনুরোধ করে বলেন, যা স্বাক্ষর করেছিলেন, তাই মেনে নেন। তাহলে জনগণের আস্থার জায়গাটা টিকে থাকবে। আর আস্থা না থাকলে জনগণকে আপন পথে হাটতে হবে।
তিনি বলেন, অনেক কষ্ট বুকে চেপে রেখে এই নির্বাচনের রায় আপাতত মেনে নিয়েছি। অতীতের ধারাবাহিকতায় সঙ্গে সঙ্গে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করতে পারতাম। তাহলে কি হতো, সেটা আমাদের সামনে বিবেচনায় ছিল বলেই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার মানে এই নয়, সব অন্যায়কে মেনে নেবো। অন্যায় করলেই বাধা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, জনগণ যাদেরকে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে পাঠাতে চেয়েছে, সেই ভোটের ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। অনেকের অধিকার হরণ করা হয়েছে। আমরা আইনিভাবে, রাজপথে এবং সংসদে এর বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক মামুনুল হক বলেন, শহীদ ওসমান হাদী হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুত হওয়ার কোনো ষড়যন্ত্র হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন-এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মাওলানা আব্দুল্লাহ হাসান, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, ড. খলিলুর রহমান আল-মাদানী, মেজর (অব.) আবদুল ওহাব মিনারসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
ইফতার মাহফিলে আসা নেজামে ইসলাম পার্টির নেতারা প্রত্যাশা করেন রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন সরকারের কাছে সহিংসতা নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।




















