জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা জনসেবার মান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
এ সময় তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, অবহেলা বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন সেদিকে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকারি সেবার মান শুধু কাজের গতির ওপর নির্ভর করে না কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি সম্মান পায়, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের সুফল প্রকৃতপক্ষে জনগণের কাছে পৌঁছাবে।
মতবিনিময় সভায় ব্যক্তিবর্গ স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নবনির্বাচিত এমপি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



















