বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিম তার বার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা সত্যিই শ্রদ্ধার যোগ্য। বাংলাদেশের নতুন নেতৃত্বের অধীনে দেশটি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য নিশ্চিত করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় এবং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
ভিডিও কলে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই সফরের মাধ্যমে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং শ্রমবাজার সংশ্লিষ্ট ইস্যুগুলোতে দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ সহযোগিতা নিশ্চিত হবে।




















