আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশগ্রহন করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে তিনি এই আমন্ত্রণ জানান।
ফেইসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘প্রিয় মাননীয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে। ন্যায্যতা ও জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের কর্তব্য হলো—রাজনীতি যে সুশীল এবং অ-সংঘাতমূলক হতে পারে, তা দেখানো। আসুন আমরা গণমাধ্যম ও জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার মান নির্ধারণ করি—যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।’
তিনি লিখেছেন, যেহেতু আপনি আপনার পরিকল্পনার কথা সবাইকে জানিয়েছেন, তাই একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সঙ্গে সরাসরি আলোচনা করতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি—যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারব এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে পারব।
ডা. শফিকুর রহমান লিখেছেন, আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।





















