মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ই-মেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তীতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াত।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে বিকেল ৪টা ৩৭ মিনিটে নারী বিদ্বেষী অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইটি টিম চেষ্টা করে ৫টা ৯ মিনিটে তার পাসওয়ার্ড পরিবর্তন করে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। এ বিষয়ে ৫টা ২২ মিনিটে ঘোষণা দেওয়া হয়।
তিনি বলেন, এক্স আইডি হ্যাকের বিষয়ে ওই রাতেই থানায় জিডি এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ওই হ্যাকে বঙ্গভবন কর্মকর্তার সরকারি ই-মেইল আইডি ব্যবহারের বিষয়ে আমরা সরকার ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলে অভিযোগ করি। কিন্তু বেশ কয়েকদিন পরও এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে বঙ্গভবনে যাই।
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আরো বলেন, বঙ্গভবনে আমাদেরকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী খুব আন্তরিকভাবে গ্রহণ করেন। এ সময় আইডি হ্যাকের বিষয়টি নিয়ে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা আলাপ হয়। রাষ্ট্রপতির সামরিক সচিব আমাদের জানিয়েছেন যে, তারা বিষয়টি তদন্ত করছেন, সেটি শেষ হলে বিস্তারিত জানাবেন। আমরা তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে সময় বেধে দিয়েছি। এ সময়ের মধ্যে কোনো আপডেট না পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



















