সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তাদের দুইজন মন্ত্রী কেন পদত্যাগ করেননি। জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দুই নেতা সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ পর্যায়ক্রমে তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। যত দিন ঐ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সে সময়টাতে আমাদের প্রতিপক্ষ শক্তি কোনো সমালোচক বা শত্রুও আঙুল তুলে বলতে পারেনি যে, তারা অসৎ ছিলেন এবং তারা দুর্নীতিপরায়ণ ও স্বজনপ্রীতিপরায়ণ ছিলেন।’
জামায়াত আমির অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার মাধ্যমে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে। নারীদের ওপর হামলা করা হচ্ছে; সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।






















